চতুর্মাত্রিকের জগতে আপনাকে সুস্বাগতম!
যে কোন সামাজিক অনুষঙ্গে যেমন আমরা কিছু আদর্শ-রীতি-নীতি মেনে চলি, চতুর্মাত্রিকেও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা মনে করি সুস্থ মননের চর্চায় যে মানস বিকশিত হয় তার জ্যোতি সদা-অমলিন। আপনার রুচিবোধ, সৌজন্য ও ভদ্রতাই আপনার জন্য নীতিমালার সীমা নির্ধারণ করে। তবু নিয়মের খাতিরে বা দায়িত্ববোধের ধারণায় নতুন পুরাতন সকলের জন্যে এই সার্বজনীন কিছু পথ ও মত জেনে নেয়া ভাল।
ব্লগ লেখার ধরণ এবং বিষয়বস্তু:
১। ব্লগ লেখার ভাষা অবশ্যই বাংলা হতে হবে। সকলেই জানেন রোমান হরফের বাংলা পাঠের বিড়ম্বনা কেমন! যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ বাংলা-সহায়ক না হয়ে থাকে তাহলে বাংলা সহায়ক নির্দেশিকা অনুসরণ করুন। আমরা চাচ্ছি, একটি ব্লগ-পোস্টের পেছনে লেখকের মনন, প্রজ্ঞা ও মনোযোগের ছাপ থাকুক। লেখক যেমন সময় নিয়ে তাঁর লেখাটি লিখবেন, তেমনি পাঠকরাও সময় নিয়ে তা' পড়ে মূল্যায়ন করবেন।
২। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব, সংস্কৃতি, মুক্তিসংগ্রাম ও অসাম্প্রদায়িকতার আদর্শকে আক্রমণ করে লেখা পোস্ট, মন্তব্য বা যে কোন কিছুর ব্যাপারে আমরা বড়োই অনমনীয়, ক্ষেত্রবিশেষে কঠোর। এমন নিদর্শন মডারেটরবৃন্দ যে কোন সময় অপসারণ করতে পারেন।
৩। আমরা ব্যক্তির বাক-স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু অপব্যবহারের ফলে অন্য কারও বিশ্বাসকে কটাক্ষ করাকে সমর্থন করি না। অন্য কারও বিশ্বাসকে আঘাত না করে, পরমতসহিষ্ণু ভাষায় নিজের বিশ্বাসের কথা লেখা যাবে। তবে, অবশ্যই নিজের বিশ্বাসের প্রচারণামূলক কোন লেখা প্রকাশ করা যাবে না। রাজনৈতিক প্রচারণাও তাই নিষিদ্ধ।
৪। চতুর্মাত্রিকের সদস্য হিসেবে একে অপরের প্রতি একক বা দলবদ্ধ আক্রমণ, অশিষ্ট মন্তব্য প্রভৃতি থেকে বিরত থাকতে হবে। কোন সদস্য আক্রান্ত বোধ করলে তাঁর করা অভিযোগের ভিত্তিতে মডারেটর সেই আক্রমণাত্মক পোস্ট, মন্তব্য বা উপাদান সরিয়ে দিতে পারেন।
৫। ব্লগারদের মেধা ও মনন প্রাপ্তবয়স্ক ধরে নিয়েই আমরা প্রাপ্তবয়স্ক ভাষা, ঘটনা ও কৌতুকের পোস্টের বিষয়টি ভেবে দেখেছি। এই ধরনের ব্লগ লেখা যাবে, তবে লেখার সময় লেখককে যে কথাটা মাথায় রাখতে হবে তা হচ্ছে ভাষাগতভাবে লেখাটি যেন কোনভাবেই অরুচিকর বা অশ্লীল না হয়ে পড়ে, বরং সুখপাঠ্য এবং শিল্পিত হয়। এরকম ব্লগের ব্যাপারে যদি মডারেটরদের মনে হয় ভাষাগত ব্যবহারের ক্ষেত্রে তা চতুর্মাত্রিকের নির্ধারিত মানদণ্ড অতিক্রম করতে পারছে না, সেক্ষেত্রে তারা ব্লগটি ড্রাফট বা পুরোপুরি মুছে দেবার অধিকার রাখেন। তবে উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট লেখককে তা' অবহিত করা হবে।
৬। কপিরাইট লঙ্ঘন করে, এমন কোন উপাদান চতুর্মাত্রিক ধারণ করতে সম্মত নয়। পোস্ট বা মন্তব্যে অন্যত্র প্রকাশিত উপাদান ব্যবহার করলে তার সূত্র উল্লেখ করা প্রয়োজন। যেসব লেখার স্বত্ত্ব সংরক্ষিত সেগুলোর ক্ষেত্রে লেখক বা স্বত্ত্বাধিকারীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।
৭। কেউ একাধিক ছদ্মনাম বা নাম ব্যবহার করে ব্লগে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে প্রমাণ পাওয়া গেলে তার সবগুলো নাম বা ছদ্মনাম বাতিল করা হবে, অর্থাৎ তার সবগুলো নামের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে।
৮| মডারেটর কর্তৃক ড্রাফটকৃত/অপ্রকাশিত কোন পোস্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্লগার পুনরায় প্রকাশ করার অধিকার রাখেন না। অন্যথায়, ব্লগারের একাউন্ট সাময়িক অথবা বিষয় বিবেচনায় সম্পূর্ণরূপে বাতিল করার অধিকার চতুর্মাত্রিক ব্লগ কর্তৃপক্ষ বহন করে। [নতুন সংযোজন, ০৭-০৬-২০১০]
৯। মডারেটররা তাৎক্ষণিকভাবে কোন সিদ্ধান্ত নিয়ে এই নীতিমালার যে কোন ভুক্তি প্রয়োগ করতে পারেন। এ জন্যে প্রাসঙ্গিক ভুক্তিটি উল্লেখ করা থাকবে।
মন্তব্য করার ক্ষেত্রে:
১। ব্লগ-পোস্টের ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা মন্তব্যের ক্ষেত্রেও সমানভাবে খাটে। মন্তব্যের বিষয়বস্তু সংশ্লিষ্ট পোস্টের সাথে সম্পর্কিত হওয়া বাঞ্ছনীয়। নিজের পোস্ট বা অন্য কোনো দ্রব্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন মন্তব্যে দেয়া থেকে বিরত থাকুন।
২। মন্তব্যে পরষ্পর ব্যক্তি আক্রমণ প্রকাশ পেলে আক্রান্ত ব্যক্তি(রা) অভিযোগ জানাতে পারেন। সেক্ষেত্রে মডারেটর মন্তব্য মুছে দিতে পারেন। অশ্লীলতা ও কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে দায়ী ব্লগার ‘কোয়ারেন্টাইন' হতে পারেন।
- ৫২৭১ বার পঠিত