যাপিত জীবনের কোলাহল, হলাহল নিয়তই আমাদের ক্লান্ত করে। সেই ক্লান্তির অপরপিঠে জমে অনেক না বলা কথা, শত ব্যস্ততায় যা কখনই বলা হয়ে ওঠে না। এই বাস্তবতার মাঝেও আমাদের মধ্য হতেই কেউ কেউ ভিন্নতা খোঁজেন, মনের জমিনে ফুটে উঠতে চাওয়া অসংখ্য কুঁড়ির মতো ধারণাগুলোকে জায়গা করে দিতে চান। আমরা সবাই লিখতে চাই। হয়তো সবাই লেখক নই, তারপরও সবারই মনে ভাব প্রকাশ করতে ইচ্ছে করে। নিজের পছন্দ-অপছন্দ, মতবাদ, চাহিদা, সাহায্যের আশা সবারই জানাতে ইচ্ছা করে। সেই সুপ্ত বাসনা পুঁজি করেই চতুর্মাত্রিকের জন্ম।
এতো এতো ব্লগিং সাইট থাকতে আরো একটা নতুন সাইট কেন? এটা আমরাও চিন্তা করেছি। এবং উত্তরটা সময়ের সাথেই আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠেছে প্রতিনিয়ত। ব্লগাররাই যে কোন কমিনিউটি ব্লগসাইটের প্রাণ। অথচ ইউজাররা নমস্য এই মনোভাব আমাদের কোন প্রতিষ্ঠানেই দেখা যায় না। "ভালো লাগলে থাকো, ভালো না লাগলে চলে যাও" এটাই যেন প্র্যাকটিস। আমরা মনে করি, এই মনোভাবটা পরিবর্তন করা উচিত। এখানে সবার চাহিদা, অভিযোগ শোনা হবে; সাধ্য অনুযায়ী তার সাথে উত্তরণের চেষ্টা হবে। আমরা বলতে চাই, আমরা এই মনোভাবটা অন্যদের চাইতে ভালোভাবে বুঝতে চাইছি, বুঝতে পেরেছি। এইখানে এসেই আমরা আলাদা, এখানেই আমাদের মাত্রা ভিন্ন হয়।
এরপরের বিষয়টা হলো এলিটিজম কাটিয়ে উঠার সচেতন একটা চেষ্টা। সবার ইগো আছে, মানুষ মাত্রই আমিত্বময়। এই খুঁত থাকার কথা স্বীকার করে নিয়ে এটা রোধ করার চেষ্টা চলতে থাকবে। এই কারণে আমরা কোন গ্রুপ বা ক্লাবে বা গোষ্ঠিতে পরিণত হতে চাই না। সবার জন্য দরজা খোলা। ব্লগারদের লেখা আর আচরণ-মিথষ্ক্রিয়াই তার অবস্থান নির্ধারণ করে দিবে।
এর মানে কি নো-মডারেশন পলিসি? না সেটাও কোন সমাধান নয়।
মডারেশন বেশ কঠোরই থাকবে। নীতিমালার বিরুদ্ধে যাওয়া যে কোন কিছু শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হবে। তবে নীতিমালা কোন ওহী বা সংবিধান নয়। সেইসাথে মডারেশনের দায়িত্বে থাকা লোকজনও ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। সব কিছুই পরিবর্তনযোগ্য। মডারেশন-সংক্রান্ত সকল প্রশ্নের জবাবদিহি দেওয়া হবে।
আদর্শ ব্যবস্থা হয়ত সম্ভব নয়। তবে পরিমিতিবোধের মাধ্যমে আমরা তার ধারেকাছে যেতে পারি।
ঠিক "চতুর্মাত্রিক" নামটা নেয়ার একটা বিশেষ কারণ আছে বৈকি! লেখা এমন এক মাধ্যম যা নিমিষেই আমাদের স্মৃতিচারণের অতীতে নিয়ে যায় (কল্পনায় যতটুকু যাওয়া সম্ভব), আবার পরমুহূর্তেই কল্পনা করতে শেখায় অদেখা ভবিষ্যতের! আর বর্তমানের ঝামেলা, সেটা তো আছেই! সময়ের এই অদ্ভূত চতুর্থ মাত্রাকে ধরেই চতুর্মাত্রিক!
তো আর দেরি কেন? কোমর বেঁধে, হাত-পা, থুক্কু, কীবোর্ড-মাউস উঁচিয়ে প্রস্তুত হয়ে যান ব্লগাতে, কমেন্টাতে, গল্পে-কবিতায়-মতামতে-ছন্দে-ছবিতে! চতুর্মাত্রিকের পুরনো-নতুন সকলের পক্ষ থেকে আপনার জন্যে একরাশ শুভেচ্ছা! এই চতুর্থমাত্রার জগতে আর সকলের সাথে জড়িত হতে, সংযুক্ত হতে আপনার উৎসাহ আমাদের প্রেরণা, পাথেয়।
সবাইকে চতুর্মাত্রিক ব্লগিং জগতে স্বাগতম!
- ৬০০৩ বার পঠিত