লেখকের ক‌থা

সদর দরজা

এনহেদুয়ানা—ইতিহাসের প্রথম কবি

ব্লগারের প্রোফাইল ছবি


দজলা-ফোরাতের অববাহিকায় গড়ে উঠা মেসোপটেমিয়ার বিস্ময়কর প্রাচীন পৃথিবী, হাজার হাজার বছর ধরে অদম্য কৌতূহল জাগিয়ে যায় আমাদের—কী বলে গেছে অতীতের মানুষেরা? রাজা-রাণীদের রোমাঞ্চকর সমরগাঁথা, গ্রহ-নক্ষত্রে বিচরণকারী দেব-দেবীদের সভাকার্য, মৃত্যু-দরিয়া অতিক্রমের গল্প, নাকি সাধারণ মানুষের আনন্দ-দুঃখ, হাসি-কান্না, বঞ্চনা-দ্রোহের কথা?

কিন্তু সুমের, আক্কাদ আর ব্যাবিলনের এসব মানুষেরা বলে গেছে তাদের কথা কীলকলিখন (cuneiform) লিপিতে, রহস্যময় এক ভাষা, চিত্র যেখানে কাজ করে ধ্বনির। ধীরে ধীরে একদিন হারিয়েও যায় তারা, মাটির নীচে চাপা পড়ে তাদের ভাষা।

না, একেবারে হারিয়ে যায় না! বাইবেলে বর্ণিত খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের বিখ্যাত সম্রাট প্রথম দারিয়ুস, অধীনস্থ করেন হিব্রুভাষীসহ বহু জনগোষ্ঠিকে। নিজের বংশলতিকা ও বিজয়াভিযান কীলকলিখন ভাষায় উৎকীর্ণ করে রাখেন পারস্যরাজ, পশ্চিম পারস্যের বেহিস্তুনে জাগরোজ পর্বতমালার শৈলচূড়ায়। আর কেউ যাতে কোনোদিন তার কীর্তিকে বিনাশ করতে না পারে, তাই পাহাড়ের ধারগুলো কেটে দেন তিনি। আড়াই হাজার বছর ধরে মানুষ দূর থেকে অবলোকন করে গেছে এ লিপি, কিন্তু জানতে পারেনি কী লিখে গেছেন পারস্যরাজ পাহাড় চূড়ায়।

প্রাচীন পার্সি, এলুমাইট এবং কিউনিফর্মের ব্যাবিলনীয় রূপে বেহিস্তুন শিলালিপি

১৮৩৫ খ্রিস্টাব্দে স্যার হেনরী রলিনসন নামে ইস্ট ইণ্ডিয়া কোম্পানির একজন সেনাকর্মকর্তা পারস্যে শাহের সেনাবাহিনীকে সাহায্য করতে গিয়ে খুঁজে পান রহস্যময় এ শিলালিপি। পরবর্তী চার বছর, পাহাড়ের সঙ্কীর্ণ অরক্ষিত কিনারায় দাঁড়িয়ে জীবনের উপর হুমকি নিয়ে, শিলালিপিগুলো নকল করেন তিনি। সম্পূর্ণ নকলকাজ শেষ হবার পর, যা লিখা ছিল প্রাচীন পার্সি, এলুমাইট এবং ব্যাবিলনীয় ভাষায়, রলিনসন প্রথমে পার্সি লিপির পাঠোদ্ধার করেন যেহেতু তার জানা ভাষার সাথে এর ছিল সবচেয়ে বেশি মিল। পরে আরো কিছু ভাষাবিদের সহায়তায় এলুমাইট এবং ব্যাবিলনীয় কিউনিফর্ম ভাষারও পাঠোদ্ধার হয়, যদিও তুলনামূলকভাবে অনেক দুরূহ ছিল সেগুলো।

পরবর্তী বছরগুলোতে আমাদের চোখের সামনে একের পর এক উদ্ভাসিত হতে থাকে গৌরবময় এক সভ্যতা, যা আমাদের দান করেছে পৃথিবীর প্রাচীনতম লিখনপদ্ধতি, সভ্যতাকে বেগবানকারী যন্ত্র চাকা, নগররাষ্ট্র ও প্রশাসনিক ব্যবস্থা, সংখ্যাতত্ত্বে শূন্যের ব্যবহার।

এবং ১৯৬০ খ্রিস্টাব্দে, প্রাচীন উর নগরীর ধ্বংসস্তুপে, মর্মরসদৃশ নরম কালো পাথরের এক চাকতিতে, আমরা জানতে পারি রাজকীয় এক নারীর কথা—এন-হেদু-আনা, যার অর্থ আন-এর রমণীয় অলঙ্কার বা আন-এর উচ্চ যাজকীয় অলঙ্কার; আন সুমের-ব্যাবিলনীয় পুরাণের আকাশদেব। এনহেদুয়ানা অবশ্য নারীটির আসল কিংবা জন্ম নাম নয়, একটি উপাধি, আর আসল নামটি হারিয়ে গেছে, কিংবা হয়তো লুকিয়ে আছে ইতিহাসের গর্ভে। পাথরের চাকতিটিতে কীলকলিখনে তার পরিচয় দেয়া হয়েছে: নান্নার স্ত্রী এবং পৃথিবীর রাজা সারগনের কন্যা।

এনহেদুয়ানার চিত্রখচিত চাকতি; সবচেয়ে দীর্ঘাঙ্গী নারীটি তিনি

২৩০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে কীশ নগরীর রাজপ্রাসাদের সামান্য পেয়ালাবাহক থেকে ধীরে ধীরে পরাক্রমশালী এক সম্রাট হয়ে উঠেন আক্কাদের সারগন (Sargon of Akkad), ধীরে ধীরে দখল করে নেন দক্ষিণে অবস্থিত সুমেরের নগর রাষ্ট্রসমূহ, উরুক, উর, লাগাশ, উম্মা, এবং একসময় পৌঁছে যান নিম্ন সাগরের (Persian Gulf) কাছে, পানিতে তরবারি নিমজ্জিত করে উত্তোলন করেন মাথার উপর—সুমেরের বিজয় সম্পন্ন হলো।

আক্কাদের রাজা প্রথম সারগন (সম্ভবত)

সারগন এবার দৃষ্টি প্রসারিত করেন উত্তর ও পূর্বে উচ্চ সাগরের (Mediterranean Sea) দিকে, আর তখন জটিল এক সমস্যা এসে পথ রোধ করে তার: আক্কাদ ও সূমের, ভিন্ন দুই জাতি, ভিন্ন তাদের ভাষা, অগ্নিস্ফূলিঙ্গের মতো মুখোমুখি দাঁড়িয়ে—কার তত্ত্বাবধানে রেখে যাবেন বিশাল বিবদমান এ সাম্রাজ্য।

এগিয়ে আসেন সারগনের তরুণী কন্যা এনহেদুয়ানা, জানেন তিনি রঙ-বর্ণ-ভাষা ভিন্ন হলেও আত্মিক বন্ধন মানুষকে নিয়ে আসে কাছাকাছি, শত্রুকে করে বন্ধু। আক্কাদের দেবী ইশতার, সুমেরের দেবী ইনান্নাকে একীভূত করেন তিনি, দায়িত্ব নেন উর নগরীতে ইনান্নার পিতা চন্দ্রদেব নান্নার মন্দিরে উচ্চ যাজিকা'র (High Priestess)। পরবর্তী ৫০০ বছর মেসোপটেমিয়ার মানচিত্রে, সম্রাটদের রাজনীতিতে, এবং গণমানুষের জীবনাচরণে বিশাল প্রভাব রাখে এনহেদুয়ানা ও তার উত্তরসূরী এসব উচ্চ যাজিকাগণ।

এবং এনহেদুয়ানা, বেঁচেছিলেন যিনি শেক্সপিয়ারের জন্মের প্রায় ৪০০০ হাজার বছর পূর্বে, গ্রিক গীতিকবি স্যাফো'র ১৭০০ বছর এবং চারণকবি হোমারের ১৫০০ বছর পূর্বে, রচনা করে গেছেন অনন্য ভাষা শৈলী ও শব্দচয়নে চমৎকার অনেক কবিতা, ধর্মীয় ও ব্যক্তিগত, যুগ যুগ ধরে মেসোপটেমীয়ার বিদ্যালয় (edubba) ও উপাসনালয়গুলিতে লেখকরা যা পাঠ করে যেত গভীর ভক্তিতে, এবং এখনও বিস্ময় জাগিয়ে যায় আমাদের।

এনহেদুয়ানা—এখন পর্যন্ত প্রাপ্ত ইতিহাসে, বিশ্বের প্রথম কবি, যাকে চেনা যায় নাম ধরে, উত্তম পুরুষে প্রথম কবিতা লেখার কৃতিত্বও যার।

এনহেদুয়ানার কবিতা
১। নিন-মে-সার-রা (ইনান্নার পরমানন্দ)
২। ইন-নিন-সা-গুর-রা (দৃঢ় আত্মার নারী)
৩। ইন-নিন-মে-হুস-আ (ইনান্না ও এবি)
৪। এ-উ-নির (মন্দির গীতি)
৫। এ-উ-গিম-এ-আ (নান্না গীতি)
৬। এনহেদুয়ানার প্রশংসা গাঁথাতথ্যসূত্রঃ
http://www.somewhereinblog.net/blog/Maveriick/29024388
http://en.wikipedia.org/wiki/Enheduanna
http://www.angelfire.com/mi/enheduanna/

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: (৪ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#৪৪২৯৩(১)    

এনহেদুয়ানা আমাদের কবিতার ক্রোমোজোমের বহতায় একজন বিস্ময় - তাকে যে বিস্মৃত হতে দেয়া হয়নি তাতে মনে ভরে যায়। উদাস হতে থাকি সে কল্পনায় - যখন সেই আদিম মানুষটি কবি হয়। তাকে তার স্বদেশী ভাষায় মাথা নত করে দিতে পারতাম যদি - না হলে শুধু এই কথাটুকুই উৎসর্গ করি।
ইতিহাসে প্রথমের দৌড়টা যদিও খুব বড় কিছু না। ইতিহাসবেত্তারা ফ্যাশন খোঁজে - সেলিব্রিটি প্রথমা তুলে এনে কাগজের মঞ্চে রূপের ছটায় পাঠকদের মুগ্ধ করতে চায়। অথচ এনহেদুয়ানা নির্জন কবির মতো লিখে গেছে অক্ষর। সলতের বাতিতে কিউনিফর্মের সেই ভাব লিখে যায়- যা আজকে ভাটিয়ালীতে অনুদিত হয়ে বাজতে থাকুক টয়োটা-মাহুতের স্টেরিওতে।

যথারীতি অনেক সুন্দর করে তথ্য জানানোর ম্যাভেরিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৪২৯৪(২)    
লেখকের মন্তব্য

শুভেচ্ছা, কবি। আপনার মন্তব্য, এ-ও তো কবিতাই এক! ভালো লাগল প্রকাশে।

ভালো কাটুক সময়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৪৩০৭(৩)    

বাপরে, কত অজানারে!!
কোনোদিন মাথায়ও আসেনাই, দুনিয়ার পয়লা কবি কে হৈতে পারে!!
আপনার প্রতি কৃতজ্ঞতা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৪৪৬৪(৪)    
লেখকের মন্তব্য

হা হা হা। এখন পর্যন্ত পয়লা, তবে এনহেদুয়ানা'র পূর্বেও কবিতা লেখার নিদর্শন পাওয়া যাচ্ছে!

ভালো লাগল আগমনে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৪৩১৩(৫)    

তাহলে পৃথিবীর প্রথম কবি একজন মহিলা!

আপনার লেখা সব সময়ই জ্ঞান চক্ষুর উন্মেষ ঘটায়।

অনেক ধন্যবাদ। প্রিয়তে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৪৪৬৫(৬)    
লেখকের মন্তব্য

শুভেচ্ছা। পড়া ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।

ভালো কাটুক জীবন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৪৩৪৫(৭)    

দারুণ !! (সাতে সাত)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৪৪৭০(৮)    
লেখকের মন্তব্য

সপ্ত তারায় সম্মানিত বোধ করলাম। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৪৩৬৫(৯)    

নতুন কিছু জানলাম । ধন্যবাদ আপনাকে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৪৪৭৩(১০)    
লেখকের মন্তব্য

কবি'র মন্তব্যে আনন্দিত হলাম। ভালো কাটুক সময়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৪৪৪৪(১১)    

সুন্দর পোষ্ট।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৪৪৭৯(১২)    
লেখকের মন্তব্য

শুভেচ্ছা, অপদেবতা। আমার ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক।

চমৎকার কাটুক সময়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫১২৩(১৩)    

সুন্দর পোস্ট।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৪৮৭৯(১৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ, দখিনো হাওয়া। ভালো লাগল দেখে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৫৯০(১৫)    

সব সময়ই নতুন কিছু জানতে পারি ম্যাভেরিকদার পোস্ট পড়লে। বরাবরের মত মুগ্ধ হলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৪৮৮০(১৬)    
লেখকের মন্তব্য

মুগ্ধতায় সম্মানিত হলাম, বোহেমিয়ান। ভালো কাটুক সময়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫২১৭৬(১৭)    

খুব সুন্দর পোস্ট। সকাল সকাল মন ভালো হয়ে গেলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৪৮৮১(১৮)    
লেখকের মন্তব্য

জলের দাগের জীবন হোক আনন্দ হাসিতে পূর্ণ। পড়া ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
3 + 1 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।